চলমান ফুটবল উন্মাদনার মধ্যেই নতুন এক রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত ‘বসন্তের কোকিল’ গানটি মুক্তির পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে। প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ৮১ হাজার ছাড়িয়েছে।

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটিতে গ্ল্যামারাস উপস্থিতি ও নাচ দিয়ে নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। অল্প সময়েই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা তৈরি করেছে।

গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। তিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটিও মন ভালো করে দেয়। প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’

মিউজিক ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ ও ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি দর্শকদের কাছে ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, সংগীতশিল্পে নতুন গান প্রকাশের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখেই তারা ধারাবাহিকভাবে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই অংশ।

 

এলআইএ