অভিনয় মানে শুধু কথা বলা নয়। অভিনয় হচ্ছে অ্যাকশন এবং রিঅ্যাকশন। এমনটাই মনে করেন অভিনেতা ফজলুর রহমান বাবু। আর সেই বিশ্বাস থেকেই সংলাপহীন একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্র ‘মাস্তুল’ আগামী শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের চরিত্র এবং অভিনয় ভাবনা তুলে ধরেন এই গুণী অভিনেতা

বাবু বলেন, ‘অনেকেই স্ক্রিপ্ট হাতে পেয়ে আগে খোঁজেন, কতগুলো সংলাপ আছে। কিন্তু আমি কখনো সেভাবে ভাবি না। অভিনয় মানে শুধু কথা বলা নয়। অভিনয় হচ্ছে অ্যাকশন এবং রিঅ্যাকশন। একটি চরিত্র কীভাবে এগোয়, তার মানসিক পরিবর্তন কীভাবে ঘটে এসব বিষয়ই আমাকে বেশি টানে।’

চলচ্চিত্রটিতে বাবু অভিনয় করেছেন তেলবাহী জাহাজের বৃদ্ধ পাচক মকবুল চরিত্রে। পুরো সিনেমায় তার কোনো সংলাপ না থাকলেও দৃষ্টি, নীরবতা ও অভিব্যক্তির মাধ্যমে চরিত্রটির আবেগ দর্শকের সামনে তুলে ধরেছেন তিনি।

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনসংগ্রাম, একাকীত্ব, মমত্ববোধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বেঁচে থাকার লড়াই।

দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে বাবু বলেন, ‘এটি ভিন্ন ধরনের একটি গল্প। পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখুন। আশা করি, দর্শক নিরাশ হবেন না।’

বিশেষ প্রদর্শনীতে পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, চরিত্রের সঙ্গে শিল্পীর স্বাভাবিক মিলকে গুরুত্ব দিয়েই তিনি কাস্টিং করেছেন। তার ভাষায়, ‘আমার কল্পনার চরিত্রের সঙ্গে যাকে সবচেয়ে বেশি মানানসই মনে হয়েছে, তাকেই নিয়েছি। বিশেষ করে ‘সুকানি’ চরিত্রটির জন্য দীর্ঘ অডিশন শেষে দীপক সুমনকে নির্বাচন করা হয়েছে।’

নিজের নির্মাণ ভাবনা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি এমন সিনেমাই বানাতে চাই, যেটি আমি নিজে দেখতে চাই। এই ধরনের চলচ্চিত্রের দর্শক বাংলাদেশে আছে এবং সেই দর্শক প্রতিনিয়ত বাড়ছে।’

প্রদর্শনী শেষে চলচ্চিত্রটির প্রশংসা করেন বরেণ্য নির্মাতা মসিহউদ্দিন শাকের। তিনি বলেন, ‘সিনেমাটি দেখতে অনেকটা প্রামাণ্যচিত্রের মতো মনে হলেও এর ভেতরে শক্তিশালী একটি গল্প রয়েছে। নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবনকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’

উল্লেখ্য, গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে ‘মাস্তুল’। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যা। ‘সিনেমাকার’ প্রযোজিত এ চলচ্চিত্রের ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে রয়েছে ‘টঙঘর টকিজ’।

এমআই/এমএমএআর/এএসএম