বলিউড সুপারস্টার সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির আগেই একের পর এক জটিলতার মুখে পড়ছে। শুরুতে নানা বিতর্ক, পরে নাম পরিবর্তনের আলোচনা, আর এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপত্তি-সব মিলিয়ে সিনেমাটির মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ২৬ তারিখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সেটি আপাতত বাস্তবায়ন হচ্ছে না। কারণ, ছবির কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে সিনেমায় চীনের নাম উল্লেখের বিষয়টি নিয়ে আপত্তি ওঠায় চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া আটকে গেছে।
এর আগেও বিভিন্ন কারণে আলোচনায় ছিল ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। কখনো চীনকে ঘিরে বিতর্ক, আবার কখনো সিনেমার নাম পরিবর্তনের গুঞ্জন-প্রতিবারই মুক্তির পথ কঠিন হয়েছে। ফলে নতুন করে তৈরি হওয়া জটিলতা নির্মাতাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
আরও পড়ুন
ধর্ষণ মামলায় ম্যানেজার গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী
সংশ্লিষ্ট সূত্রের দাবি, আপত্তির বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে না। যদিও নির্মাতারা আশাবাদী, সমস্যার সমাধান হলে চলতি বছরই দর্শকদের সামনে সিনেমাটি আনার চেষ্টা করবেন।
তবে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো উপযুক্ত মুক্তির সময় নির্ধারণ। কারণ, বছরের অধিকাংশ বড় উৎসবকেন্দ্রিক মুক্তির তারিখ আগেই নির্ধারিত হয়ে গেছে। ফলে সব জট কাটলেও সুবিধাজনক সময় পাওয়া সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বলিউডে একই দিনে একাধিক বড় সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। তবে সালমান খান বরাবরই এমন প্রতিযোগিতা এড়িয়ে চলতে পছন্দ করেন। প্রয়োজন হলে অন্য প্রযোজক বা নির্মাতাদের সঙ্গে আলোচনা করেই মুক্তির তারিখ নির্ধারণ করেন তিনি।
ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরের দশেরা উৎসবকে ঘিরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ বছর দশেরা ২০ অক্টোবর হওয়ায় ওই সময়টিকে বক্স অফিসের জন্য বেশ সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়
তবে একই সময়ে আরেকটি বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’ মুক্তির গুঞ্জনও রয়েছে। তাই শেষ পর্যন্ত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ কবে মুক্তি পাবে, তা নির্ভর করছে চলমান জটিলতার সমাধান এবং প্রেক্ষাগৃহের মুক্তির সূচির ওপর।
এদিকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মধ্যেও সম্প্রতি ‘কালা হিরণ’ নামে একটি সিনেমার প্রচার ও মুক্তি ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন সালমান খান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে প্রিয় তারকার নতুন সিনেমা দেখতে ভক্তদের অপেক্ষা যে আরও কিছুটা দীর্ঘ হচ্ছে, সেটাই এখন স্পষ্ট।
এমএমএফ/এএসএম








