পারিবারিক আবহে প্রেমের গল্প—এমন চিত্রনাট্য নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ভালোবাসার গল্প’। দুই বন্ধু, তাদের সন্তান, সুখ-দুঃখ, খুনসুটি, টানাপড়েন—মোটা দাগে পরিচিত ঘটনাবলীর মধ্য দিয়ে এগিয়েছে কাহিনি। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মৌসুমে সবাই যখন খেলা নিয়ে ব্যস্ত, তখন নাটকটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
মুক্তির চার দিনে ৯৩ লাখ ভিউ পেরিয়ে কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করতে যাচ্ছে ‘ভালোবাসার গল্প’। কী আছে সিএমভি প্রযোজিত এই নাটকে?
এ ব্যাপারে নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, “শুধু নায়ক-নায়িকা নয়, তাদের কেন্দ্র করে অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা, সীমাবদ্ধতা সবই তুলে ধরা হয়েছে নাটকটির গল্পে। ঘটনা প্রবাহ ধীরে ধীরে জটিলতার দিকে মোড় নেয়, একই সঙ্গে দর্শককে শেষ পর্যন্ত নাটকটি দেখতে উৎসাহিত করে—এমনভাবে গল্পটি বলতে চেয়েছি, যা দারুণ সাড়া ফেলেছে।”
এ প্রসঙ্গে নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, “খেলার মৌসুমে প্রায় দেড় ঘণ্টা ব্যাপ্তির নাটকটি দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে, তারা ইতিবাচক সাড়া দিচ্ছেন, সবমিলিয়ে বিষয়টি আমাদের অনুপ্রাণিত করেছে।”
ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে ‘ভালোবাসার গল্প’ নাটকে ইয়াশ রোশান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন—দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার প্রমুখ।
রবিউল ইসলাম জীবনের লেখা একটি গানও নাটকটিতে ব্যবহার করা হয়েছে। ‘তোমার হতে চাই’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।








