অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখার্জিকে। গত ১১ জুলাই, বুকে অসহ্য ব্যথা অনুভব করলে কলকাতার ইকবালপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সুমন্তর মেয়ে মধুবন্তী মুখার্জি ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গত ১১ জুলাই বাড়িতে আচমকা বুকে অস্বস্তি ও ব্যথা অনুভব করেন অভিনেতা সুমন্ত মুখার্জি। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ব্যথা না কমায় দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা, বিশেষ করে ইসিজির রিপোর্ট দেখে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি। তারপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় ধরা পড়ে সুমন্ত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। প্রথম কয়েক ঘণ্টা তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া মিলে। এখন স্বাভাবিকভাবে কথা বলছেন, খাবারও খাচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা এনজিওপ্লাস্টির সিদ্ধান্ত নিয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
অভিনেতা শুভ্রজিৎ দত্ত আরেকটি গণমাধ্যমে বলেন—“আপাতত প্রথমসারির একটি হাসপাতালে সুমন্ত মুখার্জির চিকিৎসা চলছে। এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হতে পারে।”
এখন ‘কুমকুম’ টিভি ধারাবাহিকে দেখা যাচ্ছে সুমন্ত মুখার্জিকে। সুমন্তের অসুস্থতার খবর ধারাবাহিকের শুটিং সেটেও জানানো হয়েছে। সৃজিত মুখার্জির পরবর্তী সিনেমায়ও তার অভিনয় করার কথা রয়েছে। কিছু দিন আগে পরিচালক ঘোষণা করেছেন তার নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর কানাইচরণ’। সিনেমাটিতে গোয়েন্দা কানাইচরণ চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুমন্ত মুখার্জিকে।








