বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্লাটফর্ম টিকটক। বাংলাদেশেও তুমুল জনপ্রিয় অ্যাপটি। তবে কন্টেন্টের গুণগত মানের কারণে প্রায়ই নানা রকম সমালোচনার মুখে পড়তে হয় টিকটকারদের। তাদের মেধাহীন বলেও আখ্যা দেয়া হয়। তবে এবার তারা বড় গলায় নিজেদের পরিচয় দেয়ার মতো একটা সুযোগ পেয়েছেন বটে।

আরও পড়ুন

ডাক্তারের পরামর্শ ব্যক্তিগতভাবে নিয়ে সাহসী লুকে নুসরাত ফারিয়ার ঝড়

বিশ্বখ্যাত অভিনেতা টম ক্রুজও যে এখন তাদের দলে। ঠিক তাই, এই তারকাও টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। তবে মজার ব্যাপার হলো অ্যাকাউন্টটি তিনি খুলেছিলেন আরও বছর পাঁচেক আগেই। ২০২১ সালে অ্যাকাউন্ট খুললেও এতদিন সেখানে কোনো ভিডিও প্রকাশ করেননি।

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে টিকটকার হিসেবে যাত্রা করলেন টম। প্রথম পোস্টটি তিনি করেছেন নিজের নতুন সিনেমা নিয়ে।

রোববার (১৩ জুলাই) একসঙ্গে তিনটি ভিডিও প্রকাশ করেন টম ক্রুজ। তবে ব্যক্তিগত কোনো ভিডিও বা ট্রেন্ডিং কনটেন্ট নয়, সবগুলো পোস্টই তার আসন্ন সিনেমা ‘ডিগার’র ট্রেলার ঘিরে।

আলেহান্দ্রো গনসালেস ইনিয়ারিতুর পরিচালনায় নির্মিত ‘ডিগার’ একটি ব্যঙ্গধর্মী ডার্ক কমেডি। সিনেমায় টম ক্রুজকে দেখা যাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডিগার রকওয়েল চরিত্রে। কৃত্রিম মেকআপে তাকে প্রায় চেনাই যাচ্ছে না। গল্পে তিনি এমন এক ব্যক্তি, যিনি নিজেই মানবজাতির জন্য ভয়াবহ সংকট তৈরি করে পরে সেটি থেকে পৃথিবীকে বাঁচানোর মিশনে নামেন।

ট্রেলার অনুযায়ী, সিনেমার মূল প্রেক্ষাপট জলবায়ু বিপর্যয় ও পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে ঘিরে।

চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকের মতে, ‘ডিগার’ হতে পারে টম ক্রুজের দীর্ঘদিনের অস্কার জয়ের সবচেয়ে শক্তিশালী সুযোগ। সর্বশেষ ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি। যদিও ২০২৬ সালে একাডেমি থেকে সম্মানসূচক পুরস্কারে ভূষিত হন এই অভিনেতা।

আরও পড়ুন

‘১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি’, শবনম ফারিয়ার কড়া জবাব

পরিচালক ইনিয়ারিতুর সঙ্গে কাজ করে আগে অস্কার জিতেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তাই অনেকের ধারণা, টম ক্রুজও এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইছেন।

নতুন সিনেমার প্রচারণার অংশ হিসেবে টিকটকে তার এই সক্রিয়তা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।

 

এলআইএ