ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে প্রশাসনের অভিযান ও নিষেধাজ্ঞার মাত্র তিন দিনের মাথায় আবারও অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চরনসিপুর এলাকার ওমেদ আলী বিশ্বাসের পাড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুর্গাপুরের হাজী ইসমাইল মুন্সির পাড়া, পাঞ্জু শেখের বাড়ির পাশের পাকা সড়ক কেটে পাইপলাইন বসিয়ে মৈজদ্দীন মোল্লার পাড়ায় জুয়েলের দোকানের পাশের তিন ফসলি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী শ্রমিক লীগের নেতা হিসেবে পরিচিত জিপ্পু বিশ্বাস ও তার সহযোগী হিসেবে সোহেল শেখের নেতৃত্বে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে গত শনিবার ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু পরিবহণের জন্য ব্যবহৃত কয়েকটি পাইপ ভেঙে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযানের মাত্র তিন দিনের মাথায় ভাঙা পাইপ মেরামত করে গত মঙ্গলবার সকাল থেকে আবারও পুরোদমে বালু উত্তোলন শুরু হয়েছে। মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।