​দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জনে। যার মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।​স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।​প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও উপসর্গে যে ২ শিশু মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের।​গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের পরিস্থিতি এক নজরে:​উপসর্গযুক্ত মোট রোগী: ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন।​নিশ্চিত হামের রোগী: ১৩ হাজার ১৯৮ জন।​হাসপাতালে ভর্তি: ৯২ হাজার ৩১ জন (এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪১৯ জন)।​তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। তবে ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত চট্টগ্রাম বিভাগে হলেও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী।