চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং কয়েকটি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি শাহাদাত হোসাইন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনির উদ্দিন, ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. নুরুন্নবীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

নেতারা বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এতে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।

বন্যাকবলিত মানুষের সহায়তায় জামায়াতের ত্রাণ ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দলটির নেতারা।

এমআরএএইচ/এসএনআর