রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার সাত আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত (২২) ও মো. নাহিদুল (২৫)।
আদাবর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়ামিন সরকার আদালতে আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। ইয়ামিন সরকার প্রথম আলোকে বলেন, আদালত গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠিয়েছে। আগামী রোববার তাঁদের রিমান্ড আবেদন করা হবে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজসংলগ্ন ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চাপাতি, ছোরা, কুড়াল, শাবলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আদাবর থানায় ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ হওয়ার অভিযোগে একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। আদাবর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে এ মামলা করেন।







