আদালত অবমাননার অভিযোগে মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী নামের সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সশরীর হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনাল-২–এ আজ এই আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
গাজী মোনাওয়ার বলেন, গতকাল মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা ও সমালোচনা হয়েছে। এটা ট্রাইব্যুনালের দৃষ্টিতে এসেছে। তাঁদেরও (প্রসিকিউশন) দৃষ্টিতে এসেছে। কিন্তু সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী এই রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আরও অনেকেই দিয়েছেন। এর মধ্যে তাঁরা (প্রসিকিউশন) এই দুজনের স্ট্যাটাস ট্রাইব্যুনালের নজরে এনেছেন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই দুজন আইনজীবী। তাঁরা আইন জানেন। একটি রায়ের বিরুদ্ধে কোন কথা বলা যায়, একটি আদালতের বিরুদ্ধে কোন কথা বলা যায় বা যায় না, তা তাঁরা জানেন। ট্রাইব্যুনাল শুনানি শেষে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে প্রসিকিউশনের আবেদনটি প্রাথমিকভাব গ্রহণ করেছেন। ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এই দুই আইনজীবীকে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।






