বাগেরহাটে আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের অধীন কচুয়া আদালতের এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
যেখান থেকে পলেস্তারা খসে পড়েছে, সেখান থেকে রড বের হয়ে গেছে। যেকোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— হাবিবুল্লাহ শেখ ও তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার এবং মোতালেব। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
আহতরা জানান, তারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মাথা ফেটে গেছে। আহতরা শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেছেন, “আদালতে ছাদের পলেস্তারা খসে আহত হওয়া ৫ জন হাসপাতালে এসেছেন। তাদের দুজনের মাথায় সেলাই লেগেছে। অন্যদের ঘাড়ে ও পায়ে আঘাত লেগেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হলে বাসায় যেতে পারবেন।”
বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার জানিয়েছেন, হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আমরা গণপূর্ত বিভাগকে জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে ভবন ব্যবহার উপযোগী আছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দেবেন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেছেন, “কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এ সময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তিনি আরো বলেন, “বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরনো। এই ভবনের অনেক স্থানে ফাটল ধরেছে। ভবনের যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে, তা দ্রুত সংষ্কার করতে সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।”








