পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভিডিও ও ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিও ও ছবিতে দাবি করা হয়, কারাবন্দি ইমরান খান হাতকড়া পরা অবস্থায় সশরীরে আদালতে হাজির হয়েছেন।

Rahab Ali HD’ নামের ফেসবুক পেজে গত ২৮ জুন একটি ভিডিও শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে উর্দু ভাষায় বলা হয়েছে, ‘হাতকড়া শুধু হাতকে বেঁধে রাখতে পারে, মনোবলকে নয়।’ ৬ সেকেন্ডের ওই ভিডিওটি ১০জুলাই বেলা ১২টা পর্যন্ত প্রায় ৩ লাখ ৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। পোস্টটিতে ৩ হাজার ৬০০ রিয়েকশন, ৯৫ কমেন্ট ও ৩৫৯ শেয়ার রয়েছে।

এই দাবিতে আরও কিছু পোস্ট রয়েছে এখানে, এখানে , এখানে এবং এখানে

আদালতে ইমরান খানের এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজনদের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে।

ভাইরাল ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের সাম্প্রতিক কোনো আদালতে হাজিরার বিষয়ে পাকিস্তানি প্রশাসন বা মূলধারার কোনো গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ‘ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের ‘একাকীরাবাস’ চ্যালেঞ্জ করলেন আলিমা খান’ শিরোনামে গত ২৭ জুন পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দি অবস্থার পরিবেশকে ‘অবৈধ’ ও ‘অমানবিক’ দাবি করে তাঁর বোন আলিমা খান ইসলামাবাদ হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। আবেদনে অভিযোগ করা হয়েছে, ইমরান খানকে দিনে ২২ ঘণ্টা নির্জন কক্ষে বন্দী রাখা হচ্ছে। অন্যদিকে তাঁর স্ত্রী বুশরা বিবিকেও অন্যদের থেকে আলাদা রাখা হচ্ছে। এ ছাড়া গত ছয় মাসে পরিবারের সদস্য ও পিটিআই নেতাদের কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া ইমরান খানের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও সাম্প্রতিক সময়ে আদালতে তাঁর উপস্থিতির কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। মূলত ইমরান খানের বোন আলিমা খান তাঁর ভাইয়ের কারাবন্দি অবস্থার পরিবেশকে ‘অবৈধ ও অমানবিক’ উল্লেখ করে আদালতে আবেদন করার পর আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার নজির পাওয়া যায়।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে ভিডিওর শুরুতেই দেখা যায়, ইমরান খানের দুই হাতের বৃদ্ধাঙ্গুলি একটির সঙ্গে আরেকটি মিশে গেছে এবং তিনি হাত নাড়ালে হাতের হাতকড়ার অংশটি খুলে যেতে দেখা যায়।

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক-ও-মিটার’-এর সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশেরও বেশি।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে একটি দুর্নীতির মামলায় তাকে ১৪ বছর এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুজনই শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতকড়া পরা অবস্থায় সশরীরে আদালতে হাজির হওয়ার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।