কর নথি অডিটের কথা বলে কর দাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, একটি প্রতারক চক্র অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অর্থ দাবি করছে।

রবিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর কর দাতাদের এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে কর দাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার রিটার্ন বা কর নথি অডিটের জন্য নির্বাচন করা হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।

এনবিআর আরও জানায়, কর, ফি বা অন্য কোনো সরকারি পাওনা কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যায়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে বা বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল আর্থিক সেবা কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

কর দাতাদের উদ্দেশে সংস্থাটি পরামর্শ দিয়েছে, অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে হবে।

একইসঙ্গে কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বর সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে রাজস্ব বোর্ড। এনবিআর বলেছে, করদাতাদের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে তারা কাজ করছে। তাই কোনো ধরনের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।