শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস শ্রমিক অসন্তোষের জেরে কয়েক দিন বন্ধ থাকার পর আবারও সীমিত আকারে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। কোম্পানির পুরোপুরি উৎপাদন কার্যক্রম এখনো শুরু হয়নি তবে তা ধাপে ধাপে চালু করা হচ্ছে।

রোববার (৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ গত ২২ জুন কোম্পানিটিকে নোটিশ দেয়। আর এই নোটিশের জবাবে উৎপাদন আংশিক চালু করা হয়েছে বলে জানায় ফু ওয়াং ফুডস।

কোম্পানি থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফু–ওয়াং ফুডস একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস ও ইনস্ট্যান্ট নুডলসসহ নানা ধরনের কনফেকশনারি পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ প্রস্তুতকারক হিসেবে পরিচিত।

এ ছাড়া প্রতিষ্ঠানটির একটি পৃথক বিভাগে বিভিন্ন স্বাদের চকলেট, চকলেট-কোটেড পণ্য ও ওয়েফার বার উৎপাদন করা হয়। একই সঙ্গে পানীয় শিল্পেও রয়েছে ফু–ওয়াং ফুডসের কার্যক্রম, যেখানে বোতলজাত পানীয় জল ও কার্বনেটেড ড্রিংকস উৎপাদন করা হচ্ছে।

ডিএসইতে দেওয়া নোটিশের জবাবে কোম্পানিটি আরও জানায়, সম্প্রতি কারখানায় শ্রমিকদের অসন্তোষের কারণে কয়েক দিনের জন্য উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বর্তমানে সীমিত পরিসরে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

শেয়ারবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত হয়েছে ফু-ওয়াং ফুডস। কোম্পানিটর অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৪ লাখ টাকা।