বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনটি বলেছে, একটি ‘গুজবকে’ কেন্দ্র করে সংঘটিত এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জননিরাপত্তার জন্য হুমকি।
শুক্রবার (১০ জুলাই) সংগঠনের বিবৃতিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় আগৈলঝাড়া থানা পুলিশ বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকিরকে একটি চুরি মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
“তার বিরুদ্ধে একটি মাদক-সংক্রান্ত মামলাও রয়েছে এবং গ্রেপ্তারের সময় তিনি মাদকের প্রভাবে ছিলেন বলে দাবি করা হয়।”
সংগঠনটির ভাষ্য, থানা হাজতে থাকাকালে রিয়াজ ফকির নিজের মাথায় আঘাত করে আহত হন। পরে রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, “পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল ব্যক্তি আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলা হয়।”





