ঢাকার সাভারে হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি হিসাবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী বাবুল ওরফে কানা বাবুলের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে দিলকুশাবাগ এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান কানা বাবুল। বুধবার সন্ধ্যার পর তিনি নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। রাত ১১টার দিকে প্রতিবেশীরা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে।


