হামে শিশু মৃত্যু যেন থামছেই না। বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে (সন্দেহভাজন রোগী) আরও দুই শিশু মারা গেছে। তবে এই সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১২৮ জন। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।


