নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার রাত ৯টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, একই বংশের সদস্য মতিন ও দেলোয়ারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে বিষয়টি নিয়ে সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জের ধরে বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সিয়ামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরপক্ষের দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসাবে পরিচিত। ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


