ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে বুধবার রাতে এক জাপান প্রবাসীর মাইক্রোবাসে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। লেজার লাইট ব্যবহারের মাধ্যমে চেকপোস্টে পুলিশের উপস্থিতি রয়েছে বলে মিথ্যা ধারণা দিয়ে মাইক্রোবাস থামিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী দল ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল সেটসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মুক্তিযোদ্ধা নুরুল হক বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ করেন। জানা যায়, জাপান প্রবাসী আরমান হোসেন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ফেনী থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারীদল প্রথমে লেজার লাইট জ্বালিয়ে নিজেদের পুলিশ সদস্য ধারণা দিয়ে মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে চক্রটি চাপাতি, ছুরি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মাইক্রোবাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে ছিনতাইকারী দল প্রবাসী আরমানের স্ত্রী ও পরিবারের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন, পাসপোর্ট ও নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।