টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় জ্যামিতিক হারে বাড়ছে এডিস মশার বংশবিস্তার। কীটতত্ত্ববিদ ও বিশেষজ্ঞদের মতে, এবারের মৌসুমে ডেঙ্গুর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। অধিকাংশ জেলায় এডিস মশার লার্ভার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেশি থাকায় আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।দেশে ডেঙ্গু মৌসুম শুরু হতেই হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। তীব্র জ্বর ও শরীরব্যথাসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন বহু মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরীক্ষায় তাদের বেশিরভাগেরই ডেঙ্গু পজিটিভ আসছে।কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে, দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইনডেক্স (ব্রুটো ইনডেক্স) ২০-এর ওপরে রয়েছে। "কোনো এলাকায় ব্রুটো ইনডেক্স ২০ বা তার বেশি হলে সেখানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়। মডেল প্রেডিকশন অনুযায়ী, আগস্ট অথবা সেপ্টেম্বরের যেকোনো এক মাসে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হতে পারে।"এবার বিশেষ করে বরিশাল বিভাগের জেলাগুলো, চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা এবং ঢাকার আশপাশের গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর ও কুমিল্লা জেলা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে।গত বছরের পরিসংখ্যানের সাথে এবারের ডেঙ্গু চিত্রের বেশ মিল পাওয়া যাচ্ছে। গত বছর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল বরিশাল বিভাগে এবং সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এবারও এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড বরিশাল বিভাগে, তবে মৃত্যুর সংখ্যার দিক থেকে এবার এগিয়ে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা।বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি হাতছাড়া হওয়ার আগেই প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে মাঠে নামতে হবে। এখনই যদি গুরুত্ব দিয়ে এডিস মশার প্রজননস্থল (জমে থাকা পানি) ধ্বংসের কার্যক্রম জোরদার করা যায়, তবে আগস্ট-সেপ্টেম্বরের সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব।
স্বাস্থ্য
আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ হতে পারে ডেঙ্গু

শেয়ার করুন






