শ্রাবণের ১৬ তারিখ বিকেলে রাজধানীর ‘এট দ্য টেবিল’-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের বর্ষার গানগুলো। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও ‘ভিজিয়ে দিয়ো না’।

এছাড়া অ্যালবামের আরও দুটি মিউজিক ভিডিওর বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

অ্যালবামের গানগুলো লিখেছেন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। বর্ষার আবেগ, স্মৃতি, প্রকৃতি, মান-অভিমান এবং বাংলাদেশের সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অ্যালবামটি। এতে একটি দেশাত্মবোধক গানও রয়েছে।

অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চার তারকা শিল্পী কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। সংগীতায়োজন করেছেন শান সায়েক।

অ্যালবাম প্রসঙ্গে আহসান ইমাম বলেন, ‘অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান-অভিমান, স্মৃতি ও প্রকৃতিকে কথায়, সুরে এবং চিত্রায়ণে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দেশের বর্ষা ও প্রকৃতি যেন একজন চিত্রশিল্পীর ক্যানভাস। সেই সৌন্দর্যই ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

অ্যালবামটি প্রযোজনা করেছে মিউজিকআর্ট স্টেশন ও আলিফিয়া ডান্স অ্যাটেলিয়ার। মিউজিক ভিডিওগুলোতে মডেল হিসেবে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি। সাভারের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওগুলোর দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতার ভাষ্য, বর্ষার আবহকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে বৃষ্টির দিনগুলোতে আলাদাভাবে শুটিং সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, আহসান ইমাম এর আগে ‘কম্পেনডিয়াম’, ‘জার্নি’, ‘স্পেশাল আই’, ‘অ্যাওয়ারনেস’, ‘মিশন কাশ্মির’ এবং ‘দ্য ট্রি’-সহ একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নির্মিত চলচ্চিত্র ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করে থাকেন।

 

এলআইএ