বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের গল্প নতুন নয়। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক ‘ভাইয়ের মতো’ বলেই পরিচিত। নানা সময় একে অপরের পাশে দাঁড়িয়ে সেই বন্ধুত্বের প্রমাণ দিয়েছেন তারা। এবার সেই সম্পর্কেরই এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন সালমান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন ছুঁয়ে গেছে।
সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাৎ করেন সালমান খান। দেখা হতেই দীর্ঘক্ষণ আলিঙ্গনে আবদ্ধ হন দুই তারকা। সেই মুহূর্তের কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সালমান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, বাবা।’ একই সঙ্গে সঞ্জয় দত্তকে নিজের ‘বড় ভাই’ বলেও উল্লেখ করেন তিনি।
শুধু ভালোবাসার কথাই নয়, পোস্টে সঞ্জয় দত্তের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন সালমান। তিনি লেখেন, আল্লাহ, ভগবান ও যিশুর আশীর্বাদ যেন সবসময় সঞ্জয়ের ওপর থাকে। তিনি যেন সুস্থ, সুখী ও হাসিখুশি থাকেন। সালমানের এই আন্তরিক বার্তা ভক্তদের আবেগাপ্লুত করেছে।
আরও পড়ুন
শাহরুখের ‘কিং’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য
ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই এই বন্ধুত্বকে বলিউডের অন্যতম সুন্দর সম্পর্ক বলে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এটাই প্রকৃত ভাইয়ের সম্পর্ক’, আবার কেউ দুই তারকাকে নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব বরাবরই আলোচনায় থেকেছে। ব্যক্তিগত ও পেশাগত নানা সময়ে একে অপরের পাশে থেকেছেন এই দুই অভিনেতা।
আরও পড়ুন
সৌন্দর্যের গোপন রহস্য জানালেন রানি মুখার্জি
বলিউডে প্রতিযোগিতা, ব্যস্ততা ও নানা গুঞ্জনের মধ্যেও সালমান ও সঞ্জয় দত্তের এই আন্তরিক মুহূর্ত আবারও মনে করিয়ে দিল, সত্যিকারের বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। একটি আলিঙ্গন আর কয়েকটি আন্তরিক শব্দই যে কোটি ভক্তের হৃদয় ছুঁয়ে যেতে পারে, তারই নতুন উদাহরণ হয়ে থাকল এই আবেগঘন সাক্ষাৎ।
এমএমএফ








