ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করে চলেছেন। বয়স ৭৬ পেরোলেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি। বরং এখনো নতুন নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করতে চান এই বর্ষীয়ান অভিনেতা। আর সে কারণেই বারবার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় বাপস আউঙ্গা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ। সমালোচকদের ইতিবাচক মূল্যায়নের পাশাপাশি ছবিটি বক্স অফিসেও ভালো ব্যবসা করছে। সিনেমাটির প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্তি উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার মানে যেন আপনার কাজ শেষ। আপনাকে নিয়ে আর নতুন করে ভাবার কিছু নেই। আমি এই ধারণা মানি না। তাই এমন পুরস্কার গ্রহণ করি না। আমার মনে হয়, আমার কাজ এখনও শেষ হয়নি। সামনে আরও অনেক পথ চলা বাকি। আমি চাই আরও ভালো গল্প ও ভালো সিনেমার সঙ্গে যুক্ত হতে।’

আরও পড়ুন

শাহরুখের ‘কিং’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য

তার এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিনেতার কর্মনিষ্ঠা এবং অভিনয়ের প্রতি তার অদম্য আগ্রহের প্রশংসা করেছেন।

১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে অভিনয়জীবন শুরু করেন নাসিরুদ্দিন শাহ। পরে ‘হাম পাঁচ’, ‘কর্মা’, ‘জলওয়া’, ‘মালামাল’, ‘স্পর্শ’, ‘পার’ এবং ‘ইকবাল’র মতো একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করে ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেন। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।

আরও পড়ুন

সৌন্দর্যের গোপন রহস্য জানালেন রানি মুখার্জি

এদিকে ইমতিয়াজ আলী পরিচালিত ‘ম্যায় বাপস আউঙ্গা’ সিনেমাটি প্রযোজনা করেছে বিড়লা স্টুডিওস, অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট এবং উইন্ডো সিট ফিল্মস। মোহিত চৌধুরী ও শিবাসিশ সরকারের প্রযোজনায় নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটি বিশ্বব্যাপী উল্লেখযোগ্য আয় করেছে। সংশ্লিষ্টদের আশা, শিগগির এটি ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে।

এমএমএফ