জামালপুর শহরে এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে পাইপগান, পিস্তলের গুলি, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। এগুলো থানায় নেওয়া হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
অভিযুক্ত আইনজীবী কামরুল হাসান মনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
হৃদয় আহম্মেদ/এসআর








