শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সহজ করতে মতামত দিয়েছেন অংশীজনেরা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আলোচনা সভায় তারা এ মতামত দেন। অংশীজনদের মতামত বিবেচনা করে নীতি-সহয়তা ও আইন সংস্কারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় কমিশন।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস- ২০২৫, আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও আইপিও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন দিক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের ভূমিকা ও দায়বদ্ধতা এবং আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়াও আইপিও প্রাইজিং, পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা আইপিও প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ, বাস্তব অভিজ্ঞতা এবং সম্ভাব্য সংস্কার বিষয়ে তাদের মূল্যবান মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। কমিশন অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতি সহায়তা ও আইনি সংস্কারের পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।








