আজকের পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এ উপলক্ষে গ্রুপটির জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান আজকের পত্রিকার কার্যালয়ে এসে ফুল দিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানকে শুভেচ্ছা জানান।

এ সময় তৌহিদুজ্জামান বলেন, অল্প সময়েই বস্তুনিষ্ঠ ও পরিশুদ্ধ সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটির সবচেয়ে বড় শক্তি হলো এর নিরপেক্ষ অবস্থান। কোনো ধরনের তথ্য বিকৃতি বা ফ্যাব্রিকেশন ছাড়াই সংবাদকে সংবাদ হিসেবেই পাঠকের সামনে তুলে ধরার যে নীতিতে পত্রিকাটি এগিয়ে চলছে, সেটিই এর স্বাতন্ত্র্য তৈরি করেছে।

তৌহিদুজ্জামান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আজকের পত্রিকা একই নিষ্ঠা, পেশাদারত্ব ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করবে।

শুভেচ্ছা বিনিময়ের সময় উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।