হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী মহল্লার লস্করবাড়ির ফুল মিয়ার ছেলে তানভীর (২৫) এবং একই বাড়ির (লস্করবাড়ি) নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (২২)।
গুরুতর আহতরা হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)। আহতদের দুজনই ব্যুরো বাংলাদেশের কর্মচারী।
ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএএ/








