অধিকার প্রতিষ্ঠার দাবি আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল দিবস’ পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড় ও বাগদা ফার্ম এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন সাঁওতাল সম্প্রদায় ও ভূমি রক্ষা আন্দোলনের কর্মীরা।সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা ও আলোচনা সভা।কাটা মোড় এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও সাঁওতালরা আজও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও তিনজনকে হত্যার ঘটনার বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তাঁদের পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানান।সমাবেশে সভাপতিত্ব করেন সুফল হেমরম। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল ফরিদ, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসুসহ আরও অনেকে।অন্যদিকে, বাগদা ফার্ম এলাকায় ফিলিমন বাসকের সভাপতিত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়। সেখানেও বক্তারা সাঁওতালদের ভূমি রক্ষা ও রাষ্ট্রীয় স্বীকৃতির ওপর জোর দেন।উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ শাসকের শোষণ এবং স্থানীয় জমিদার ও মহাজনদের নির্যাতনের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল’ শুরু হয়েছিল। ঐতিহাসিক সেই সশস্ত্র সংগ্রামে সিধু, কানু, চাঁদ ও ভৈরবসহ বহু সাঁওতাল শহীদ হন। সেই থেকে প্রতিবছর ৩০ জুন বিশ্বজুড়ে সাঁওতাল সম্প্রদায় দিবসটি পালন করে আসছে।
রাজনীতি
আজও অধিকারবঞ্চিত সাঁওতালরা

শেয়ার করুন







