নোয়াখালীর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেনি দুই পরীক্ষার্থী।

ভুক্তভোগী দুজন হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও ফাজিমা আক্তার শশী (১৯)। দুজনেই নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল সোনাপুর কলেজে।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও ফাহিমা একই এলাকার বাসিন্দা এবং বান্ধবী। শনিবার সকালে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশা মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে। পরে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। 

পরে সিএনজিচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার কারণে দুই পরীক্ষার্থী নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের স্বজনরা এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে বিষয়টি জানায়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।