আখাউড়া উপজেলা পরিষদ মাঠে কুটির শিল্প ও পণ্য মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে তালাত মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে মেলার ভেতরে ওই ঘটনা ঘটে। আহত তালাত মিয়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের কোড্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে। তার বুক ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার রাতে মেলায় ঘুরতে আসা এক তরুণীকে ইশরাক মিয়া নামে এক বখাটে যুবক উত্ত্যক্ত করে। বিষয়টি দেখতে পেয়ে ওই তরুণীর ভাই তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ইশরাকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় তরুণীর ভাইয়ের সঙ্গে থাকা বন্ধুরা এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ইশরাক মিয়া ধারালো ছুরি দিয়ে তালাত মিয়ার বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মেলার আয়োজক রমজান মিয়া জানান, ঘটনার পরপরই মেলায় নিয়োজিত পুলিশ ও স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়। ওসি জাবেদ উল ইসলাম জানান, তরুণীকে উত্ত্যক্তের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।