ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সংসদে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালটিতে অক্সিজেনের অভাব ও অবহেলার কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে; তাই হাসপাতালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সরকার ব্যবস্থা নিয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, অবহেলার কারণে, অক্সিজেনের অভাবে বাচ্চাগুলো মারা গেছে, আমরা কি বসে থাকব? রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ২৭ মে ভোরে ছয় নবজাতকের মৃত্যু হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরদিন অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা হয়।
জামায়াতের সংসদ-সদস্যদের বক্তব্য ইঙ্গিত করে সংসদে সাখাওয়াত বলেন, ‘অনেক সংসদ-সদস্য আদ্-দ্বীন নিয়ে কথা বলেছেন। বলেছেন, ২০০ থেকে ২৫০ টাকায় তারা ডায়ালাইসিস করায়। সত্য।’ তিনি বলেন, ‘মাথাব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? না, কাটা যায় না। তবে যারা মাথা কাটে, তাদের বিচারের আওতায় আনতে হবে নাকি- অস্বীকার করবেন? করতে পারেন না। আনতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালে আগুন লেগে ছয়জন মারা গেছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন। বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন। আমি তাদের সঙ্গে একমত। তিনি বলেন, ‘ইউনাইটেড এবং বার্ন ইউনিটের ঘটনা ছিল দুর্ঘটনা, বিদ্যুতের কারণে। কিন্তু আদ্-দ্বীনে যে ঘটনা ঘটেছে, আপনারা কেউ যাননি। অথচ সংসদে কথা বলেন।’
এর আগে বাজেট প্রসঙ্গে সাখাওয়াত বলেন, এটি শুধু সংখ্যার বাজেট নয়; গুণগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে রোগীর পকেটের খরচ কমানোর বিষয়টি বাজেটে আনা হয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আউট অব পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের, এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে।’








