বলিউডে নারীপ্রধান গল্প নতুন নয়, তবে বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার কেন্দ্রবিন্দুতে দুই নারী চরিত্রকে দেখা এখনো বিরল ঘটনা। সেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই আসছে ‘আলফা’। আগামী ৩ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট ও শরভরি। মুক্তির আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলিয়া বলেছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম উপভোগ্য অভিজ্ঞতা।

অভিনয়ের দীর্ঘ যাত্রায় নানা ধরনের চরিত্রে দেখা গেছে আলিয়াকে। তবে ‘আলফা’ তাকে নিয়ে গেছে এক ভিন্ন জগতে, যেখানে রয়েছে অ্যাকশন, রোমাঞ্চ, ঝুঁকি আর বিশাল ক্যানভাস। অভিনেত্রীর মতে, এ সিনেমার কাজ তাকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। শুটিংয়ের প্রতিটি দিন ছিল চ্যালেঞ্জ আর উত্তেজনায় ভরপুর।

তবে শুধু অ্যাকশন নয়, সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর নারী-কেন্দ্রিক গল্প। আলিয়ার মতে, সাধারণত অ্যাকশন সিনেমায় পুরুষ চরিত্রই মূল চালিকাশক্তি হয়ে থাকে। সেখানে ‘আলফা’ দুই নারীকে সামনে এনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এ পরিবর্তনের অংশ হতে পেরে তিনি গর্বিত এবং আনন্দিত।

শুটিং সেটের পরিবেশও আলিয়ার কাছে স্মরণীয় হয়ে আছে। পরিচালক, সহশিল্পী, অ্যাকশন টিম এবং পুরো কলাকুশলী দলের মধ্যে ছিল এক ধরনের ইতিবাচক উদ্দীপনা। সেই সম্মিলিত শক্তি ও উৎসাহ সিনেমার পর্দাতেও প্রতিফলিত হয়েছে বলে মনে করেন তিনি। এমনকি প্রতিদিন শুটিংয়ে যাওয়ার জন্যও মুখিয়ে থাকতেন এই অভিনেত্রী।

বর্তমানে বলিউডে নারীপ্রধান সিনেমার সংখ্যা বাড়লেও বড় পরিসরের অ্যাকশন ঘরানায় নারীদের নেতৃত্ব এখনো তুলনামূলকভাবে কম দেখা যায়। সেই জায়গা থেকে ‘আলফা’কে অনেকেই নতুন সম্ভাবনার সূচনা হিসাবে দেখছেন। সিনেমাটি শুধু বিনোদনই নয়, বরং নারীকেন্দ্রিক অ্যাকশন সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কতটা, সেটিও পরীক্ষা করবে।

প্রযোজক আদিত্য চোপড়া এবং পরিচালক শিব রাওয়াইলের এ সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় ‘আলফা’ কতটা সফলভাবে দর্শকদের মন জয় করতে পারে এবং ভারতীয় সিনেমায় নারীপ্রধান অ্যাকশন সিনেমার নতুন অধ্যায় রচনা করতে পারে কি না।