ব্রাহ্মণবাড়িয়ায় সংগীত প্রতিষ্ঠান দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সংগীতের মহাপুরুষ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সংগীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সংগীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন-সংগীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।