রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি আলিয়া মাদরাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। কয়েকদিন আগের রণক্ষেত্রের স্মৃতি তাজা থাকতেই শনিবার নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হওয়ায় পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাদরাসার মূল ফটকসহ আশপাশের কৌশলগত পয়েন্টগুলোতে পুলিশি পাহারা বসানো হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। এখানে এর আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এক গ্রুপ আজ মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়ার কারণে সংঘর্ষের শঙ্কা থেকে আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।জানা গেছে, মাদরাসার আবাসিক হল দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হলের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র উত্তেজনা বিকেলে মারাত্মক রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুই পক্ষকেই দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওচিত্রেও দেশীয় অস্ত্র উঁচিয়ে হামলায় জড়ানো এবং কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, যাদের উদ্ধার করে সহপাঠীরা হাসপাতালে পাঠান।সরেজমিনে দেখা যায়, সেই ভয়াবহ সহিংসতার চারদিন পার হতে না হতেই শনিবার শিবিরের পক্ষ থেকে পুনরায় মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়া হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
পুনরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কা দেখা দিলে পুরো বকশীবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সামাল দিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।








