রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়-এর লা গ্যালারিতে ‘দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্টুনিস্ট আহসান হাবিব এবং বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে মঁশিয়ে বাতিস্ত ল্যব্রে। ঢাকাভিত্তিক স্বাধীন অ্যানিমেশন সমষ্টি ‘দ্য সেকেন্ড স্টুডিও’র প্রতিষ্ঠাতা শিল্পী ঐশিক জাওয়াদ, জুনায়েদ ইকবাল ইশমাম ও রাকিব রাজ্জাকের বিভিন্ন সৃজনশীল কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে। মূল শিল্পকর্ম, স্কেচ, স্টোরিবোর্ড, কনসেপ্ট ডিজাইন, প্রোডাকশন নোট এবং ইন্টারঅ্যাকটিভ ইনস্টলেশনের মাধ্যমে দর্শনার্থীরা স্বাধীন অ্যানিমেশন নির্মাণের নেপথ্য প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় নির্মাণাধীন অ্যানিমেটেড মিনিসিরিজ ‘বেস্ট শো এভারেস্ট’-এর পাইলট পর্ব। মাউন্ট এভারেস্ট আরোহণের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এ প্রকল্পে ফ্যান্টাসি, রসিকতা ও অভিযাত্রার সমন্বয় ঘটানো হয়েছে। পাশাপাশি চরিত্র নকশা, কনসেপ্ট আর্ট, মানচিত্র, সেট ডিজাইন ও অন্যান্য প্রোডাকশন উপকরণও প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে ‘ঢাকা সারভাইভার’ নামে একটি ইনফিনিট রানার ভিডিও গেমও প্রদর্শিত হচ্ছে, যেখানে নগরজীবনে নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। এছাড়া ‘ইএমকে অ্যানিমেশন কার্নিভাল’-এর নেপথ্য উপস্থাপনা এবং ‘অ্যান আনটাইটেলড অ্যান্ড ক্যানসেলড প্রজেক্ট : কমিকস মেলা’ শীর্ষক অসমাপ্ত অ্যানিমেশন প্রকল্পের বিভিন্ন উপকরণও স্থান পেয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কার্টুনিস্ট আহসান হাবিব শিল্পীদের কাজের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তাদের স্বীকৃতি অর্জন করতে দেখা আনন্দের এবং ভবিষ্যতে তাদের আরও অসাধারণ সৃষ্টি দেখার প্রত্যাশা রয়েছে।

প্রদর্শনীর অংশ হিসাবে আজ ‘মিট দ্য সেকেন্ড স্টুডিও : অডিয়েন্স ইন্টারঅ্যাকটিভ’ এবং কাল ‘সেকেন্ড স্টুডিও ব্যাকইয়ার্ড সেশন’ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় সংগীতশিল্পী ফ্র্যাঙ্কলিনের আনপ্লাগড মিউজিক সেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। ২৫ থেকে ২৭ জুন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।