বুয়েটে সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে রাজধানীতে সড়কের নামকরণের পর এবার তার নামে বিশ্ববিদ্যালয়টিতে একটি হল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শনিবার (২৭ জুন) বিকালে বুয়েটের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আবাসন সংকটের প্রসঙ্গ টেনে এই ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের মাধ্যমে আবরার ফাহাদের নামে একটি হল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন।মন্ত্রী বলেন, 'আমরা দেখেছি বুয়েট অনেক মেধাবী। আবার এটাও দেখেছি যে ঘটনা বুয়েটে ঘটেছে, সে স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যাচ্ছে না। আমরা হল করব বটে। তবে এই বুয়েটের মেধাবী ছাত্ররা যে মাঝে মাঝে নষ্ট হতে পারে, সেটা স্মৃতির পাতায় লেখার জন্য আমরা সেই আবরার নামেও একটি হল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।' শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থীদের আবাসনের সমস্যা হলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে সিটের অপ্রতুলতা রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো এবং এই সমস্যার সমাধান করব।'বর্তমান ক্যাম্পাসে জায়গা না থাকায় পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ করে হল প্রতিষ্ঠার মাধ্যমে আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেছেন তিনি।২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী। বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে 'রিসার্চ গ্র্যান্ট' বৃদ্ধি করা হবে। পাশাপাশি ল্যাবগুলোতে পুরোনো যন্ত্রপাতি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। বুয়েটে শিক্ষার্থী প্রতি মাথাপিছু খরচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি- এ কথা তুলে ধরে আসন সংখ্যা বাড়ানোর পরামর্শও দেন তিনি।