পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে আবারও তীব্র অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে এবং দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে বিজেপি পরিকল্পিতভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। এমনকি তাকে নীরব করাতে চাইলে হত্যা করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

একটি ভিডিওবার্তায় মমতা ব্যানার্জী বলেন, তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিতে বিজেপি কোনো ধরনের প্রচেষ্টাই বাদ রাখেনি। তার ভাষায়, ‘আমাকে চুপ করাতে চাইলে আমাকে মেরে ফেলতে হবে। এ জন্য আপনারা কোনো কিছুই বাকি রাখেননি।’

তিনি আরও অভিযোগ করেন, তার দলের বহু নেতা হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এ প্রসঙ্গে তিনি মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জী এবং কল্যাণ ব্যানার্জীর নাম উল্লেখ করে বলেন, তাদের প্রত্যেকের ওপরই হামলা হয়েছে। এমনকি তার নিজের বাড়িও হামলার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সময়ে মমতার এই বক্তব্য সামনে এলো, যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে অন্যতম কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।

ভিডিওবার্তায় মমতা আরও অভিযোগ করেন, কারাগারে থাকা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের মেঝেতে ঘুমাতে বাধ্য করা হচ্ছে, কারও কোমরে দড়ি ও পায়ে শিকল পরিয়ে হাঁটানো হচ্ছে, আবার কারও মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ ছাড়া পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলোর মধ্যাহ্নভোজ (মিড-ডে মিল) কর্মসূচি নিয়েও সমালোচনা করেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, শিক্ষার্থীদের ডিমের পরিবর্তে সবজি দেওয়া হচ্ছে, যা বাংলার দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, তার ১৫ বছরের শাসনামলে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি।

The post আমাকে হত্যা করলেই চুপ করানো যাবে : মমতা ব্যানার্জী appeared first on ZoomBangla.