৭৯ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের লিড নিয়েও অবিশ্বাস্যভাবে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। হারের পর বিস্ফোরক অভিযোগ করলেন মিসরের কোচ হোসাম হাসান। জানালেন, মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাদের জোর করে হারানো হয়েছে। প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভালো ভালো কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অবিচারের শিকার হয়েছি আমরা।’
আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। মিসরের কোচের মতে, তার আগে তাদের পেনালটি পাওয়া উচিত ছিল। বক্সের মধ্যে হামদি ফাতিকে ফাউল করেছিলেন ম্যাক অ্যালিস্টার। হাসান বলেন, ‘ফেয়ার প্লে’কে কোনো রকম সম্মান দেখানো হলো না। পেনালটি বাতিল করে দেওয়া হলো। ভিএআরও পরীক্ষা করার প্রয়োজন মনে করল না। দ্বিতীয় গোল অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে। সেখানেও ভিএআর পরীক্ষা করা হয়নি। অথচ, আমরা সবাই দেখেছি কীভাবে পেছন থেকে জার্সি ধরে টানা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘রেফারি অবিচার করেছেন আমাদের প্রতি। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। তিনি চাননি আমরা জিতি। এই ম্যাচ চুরি করা হয়েছে। আমাদের দোষ ছিল না।’ তার কথায়, ‘ফিফা বোধহয় বিশ্ব চ্যাম্পিয়নদের টিকিয়ে রাখতে চায়। হয়তো চায় মেসি আরও খেলুক। ফুটবলে কিছু বাইরের শক্তিও রয়েছে, যাদের সামনে কৌশলগত বুদ্ধি কাজে লাগে না। আর্জেন্টিনা ফিফার সাহায্য পাচ্ছে।’








