ফাইনালের স্বপ্ন আরেকবার অধরাই রয়ে গেল ইংল্যান্ডের। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গভীর হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচ শেষে বিধ্বস্ত কণ্ঠে তিনি বলেন, ‘দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের জন্য এই হার ভীষণ কষ্টের।’

বুধবারের সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের শুরতেই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে গোল হজমের পর আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি থমাস টুখেলের দল। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি কেইন, ‘আমি বিধ্বস্ত। খেলোয়াড়, দল, কোচিং স্টাফ এবং সমর্থকদের জন্য খুবই খারাপ লাগছে। ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। আমরা আগে গোলও করেছি। কিন্তু এরপর মনে হয়েছে আমরা শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। এই পর্যায়ে সেটা যথেষ্ট নয়। এখানে পৌঁছাতে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সবকিছু উজাড় করে দিয়েছি। এভাবে হারাটা খুবই কষ্টের।’

ইংল্যান্ড কেন ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে, সেটিও ব্যাখ্যা করেছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ‘প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা ভালো চাপ সৃষ্টি করতে পেরেছিলাম, বল কেড়ে নিয়েছিলাম এবং ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু গোল করার পর তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে আসে, আর আমরা তাদের চাপ সামলাতে পারিনি। আমরা শট ব্লক করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না।’

হতাশা থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক থাকার চেষ্টা করেছেন কেইন। তার বিশ্বাস, ইংল্যান্ড বড় সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, ‘এই টুর্নামেন্টে আমাদের অনেক ভালো মুহূর্ত ছিল। আমরা আবারও সেমিফাইনালে উঠেছি। আমরা অনেক দিন ধরেই বলছি, আমরা দরজায় কড়া নাড়ছি। আমরা খুব কাছাকাছি, কিন্তু শেষ ধাপটি পেরোতে এখনও কিছু একটা ঘাটতি রয়ে গেছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শারীরিক ও মানসিক দুই দিক থেকেই খুব কঠিন। আমরা সেটা প্রমাণ করেছি, তবে শিরোপা জিততে যে ছোট্ট পার্থক্যটা দরকার, সেটাই এখনও আমাদের নেই।’

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও টুর্নামেন্ট শেষ হয়নি ইংল্যান্ডের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী ১৮ জুলাই, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে কেইনরা। এখন অন্তত ব্রোঞ্জপদক জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করতে চাইবে থ্রি লায়ন্স।

আরআর/আইএন