আমার সহধর্মিণী বাংলাদেশে কিংবা বিদেশে যেখানেই যায় নিজের জন্য কেনাকাটার পাশাপাশি আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের জন্য কিছু না কিছু, বড় কিংবা ছোট প্রেজেন্টস কেনে। প্রতিবারেই বাংলাদেশে আমাদের সফরের এক বিরাট অংশজুড়ে থাকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে একত্র করে দেখা করা আর শপিং করা।

শপিং করা আমার খুব একটা পছন্দের বিষয় নয়, আর তা যদি হয় বাংলাদেশে শাড়ির দোকানে।

পরিবারের সবাই মিলে সিডনি থেকে ঢাকাতে এসেছি কয়েক দিনের জন্য। প্রতিবারের মতো এবারও সহধর্মিণীর সঙ্গে অভিজাত এলাকার শাড়ির দোকানে যেতে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও। দোকানের সুন্দর নাম ‘আন-কমন’। দোকানের ভেতরে ঢুকে ‘ফিক্সড প্রাইস’ সাইন, আসবাবপত্র, ডেকোরেশন এবং কালেকশন দেখে দোকানের নামের সার্থকতা খুঁজে পেলাম। অল্প সময়ে আমাদের কেনাকাটা প্রায় শেষ হওয়ার সময়ে দেখলাম তিরিশের কাছাকাছি বয়সের এক দম্পতি দোকানে ঢুকলেন। ভদ্রলোকের স্ত্রী বলেন—

- আপনাদের, এবারের লেটেস্ট কালেকশন দেখাবেন, প্লিজ?

- ম্যাডাম, আপনি কি ধরনের শাড়ি নেবেন—সুতি, সিল্ক, জামদানি, কাতান, বেনারসি, কাঞ্জিবরণ?

- কাঞ্জিবরণ? এই নাম তো কোনো দিন শুনিনি, নিশ্চয়ই দাদি-নানিদের সময়ের?

- না, ম্যাডাম।

- আচ্ছা, সুতির কাপড়ের ভেতরে চিকচিক করে, দেখতে অনেকটা মসলিনের মতো এমন শাড়ি আছে?

- ম্যাডাম, এই শাড়িগুলো দেখেন। গত সপ্তাহে এসেছে, একেবারেই নতুন কালেকশন, এনেছি টাঙ্গাইল থেকে।

- এটা তো একেবারেই সাধারণ। আপনাদের দোকানের নাম আন-কমন আর আপনি দেখাচ্ছেন সবাই পরে এমন শাড়ি!

- ম্যাডাম, তাহলে এইগুলো দেখেন। মাত্র ১০ পিস এনেছিলাম। আর মাত্র দুই পিস আছে। বিস্কিট আর বাদামি কালারের।

- এটা একটা কথা হলো। এইটি পার্সেন্ট বিক্রি হয়েছে এই শাড়ির আর সেটা কীভাবে আন-কমন হয়? আচ্ছা, আপনি সিল্কের ভেতর দেখান, প্লিজ।

- ম্যাডাম, গত বছরের স্টক এইগুলো দেখেন। তেমন বিক্রি হয় না, মনে হয় আন-কমন হবে।

- আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে? সিল্ক বাদ দিয়ে জামদানি দেখান।

- ম্যাডাম, সোনারগাঁও-র জামদানিপল্লি থেকে জুঁই ফুল, কনকতারা, নয়নবাহার, সজনী, কাজললতা নকশা করা মাত্র অল্প কয়েকটা এই জামদানি শাড়িগুলো এসেছে। আপনার মনে হয় ভালো লাগবে।

- জুঁই ফুল, কনকতারা, নয়নবাহার, সজনী, কাজললতা এইগুলো কোনো নাম হলো? এইগুলো তো মনে হচ্ছে গামছার নাম। জামদানি বাদ দিয়ে কাতান দেখাবেন, প্লিজ?

- ম্যাডাম, কেমন দামের ভেতর দেখাব?

- কম দামের মধ্যে কিন্তু দেখতে দামি মনে হবে এমন।

- ম্যাডাম, সিম্পল না গর্জিয়াস দেখাব?

- সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখান।

- ম্যাডাম, হালকা কালার না গাঢ় কালারের হবে?

- আসলে আমি খুঁজছি- অনেকটা অরেঞ্জ কালারের মধ্যে, যেমন ধরেন মাছের তরকারির ঝোলের মতো রং।

- ম্যাডাম, রুই, কাতলা নাকি অন্য কোনো মাছের ঝোলের রং?

- মুরগির মাংস ঝাল দিয়ে রাঁধলে যেমন রং হয় তেমন।

- ম্যাডাম, দেশি মুরগি না ব্রয়লার মুরগি। আর ঝাল কতটুকু হবে?

- আচ্ছা, আপনি কি রং চেনেন না?

- ম্যাডাম, তাহলে পাকিস্তানি এই শাড়িগুলো দেখেন। বেশ কয়েকটা কালার হবে।

- ইন্ডিয়ান কালেকশন নেই?

- ম্যাডাম, কালার কেমন হবে?

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

- চিরতার পাতা সারা রাত ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে সকালে মার্কিন কাপড় দিয়ে ছেঁকে, কাচের গ্লাসে রাখলে যে রকম রং হয় ঠিক তেমন।

- ম্যাডাম, তাহলে এইগুলো দেখেন।

- বেশ হালকা লাগছে, আরেকটু গাঢ় কালারের দেখাবেন? আচ্ছা, বেনারসি শাড়ি দেখান, প্লিজ?

- ম্যাডাম, ভারী কাজের না হালকা কাজের মধ্যে দেখাব?

- আমার মনে হয় আপনি খুব একটা মনোযোগী নন। একটু আগেই বলেছি সিম্পলের মধ্যে গর্জিয়াস।

- ম্যাডাম, এই আসমানি কালারের বেনারসিটা আপনাকে অনেক মানাবে।

- আমি ভাবছি আপনাকে কে এই দোকানে চাকরি দিয়েছে? লাল রং ছাড়া কি বেনারসি শাড়ি হয়?

- ম্যাডাম, তাহলে লাল এবং মেরুন এই দুইটা দেখেন।

- গত সপ্তাহে পার্টিতে দেখলাম আরমিন ভাবি এক্সাটলি এই মেরুন বেনারসি শাড়িটা পরেছে। এটা কীভাবে আন-কমন হয়? আমি এত অপশন দিলাম আর আপনি আমার পছন্দমতো একটাও শাড়ি দেখতে পারলেন না। উফ, কী করে যে বোঝাই, আমার আরও অন্য রকম আন-কমন লাগবে।

- ম্যাডাম, তাহলে অন্য কিছু দেখাব?

- এতক্ষণ যা দেখালেন, মাত্র এই কয়েকটা শাড়ি ছাড়া আপনাদের এত বড় দোকানে আর কোনো এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশন আছে?

- ম্যাডাম, তাহলে ডিসপ্লেতে সাজানো ওই শাড়িটা দেখবেন? ওই শাড়িটার নাম কাঞ্জিবরণ।

- ও তাই নাকি? আইডিয়াটা তো খারাপ না! এই অর্ণব দেখ তো ওই শাড়িটা পরলে আমাকে কেমন দেখাবে? কিন্তু ডিসপ্লেতে রয়েছে কত দিন?

- ম্যাডাম, গত এক সপ্তাহ।

- তাহলে আর কেমন করে আন-কমন হয়? আই এম টোটালি কনফিউজড।

আমার সহধর্মিণী আর আমি মুচকি-চাপা হাসি নিয়ে দোকান থেকে বেরিয়ে আসি।

সিডনিতে অফিসে যাতায়াতের পথে ট্রেনে আমি অনলাইনে বাংলা পত্রিকা পড়ে সময় কাটাই। কয়েক দিন আগে পড়ছিলাম বাঙালির হারিয়ে যাওয়া রান্নার ৫ রেসিপি- পুঁটি মাছের শুঁটকিতে ঝাল কচুশাক, সিমের বিচির উম-ভাত, কচুপাতার খাটা, শজনে দিয়ে ছোলার ডাল, রুই মাছের মাথা দিয়ে কলার মোচা। আমি আমার জীবনে এই ‘আন-কমন’ রান্নার নাম কোনো দিন শুনিনি। তাই বেশ ইন্টারেস্টিং মনে হওয়ায় আগ্রহ নিয়ে পড়া শুরু করি। পাশে বসা সহযাত্রীর মোবাইলে হঠাৎ রিংটোনের শব্দে এবং উচ্চস্বরে বাংলা কথোপকথনে পড়া বাদ দিয়ে একটু নড়েচড়ে বসেছি। আলোচনার সারমর্ম হলো কয়েক বন্ধু মিলে সিডনিতে এক নতুন ব্যবসা শুরু করার আলোচনা। ফোনের কথাবার্তায় মনে হলো রিয়েল এস্টেট ব্যবসায় এখন কিছুটা মন্দাভাব থাকায় অভিজাত বুটিক শপ খুলে ‘আন-কমন’ শাড়ির দোকান দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। নির্ধারিত স্টেশনে ট্রেন থেকে নামার সময় মনে হলো সহযাত্রীর গন্তব্য আরও কিছু দূর, ফোনের আলাপচারিতা চলবে আরও কিছু সময়ের জন্য।

সফল ব্যবসার জন্য শুভকামনা রইল।

লেখক: মাসুদ পারভেজ, সিডনি, অস্ট্রেলিয়াপ্রবাসী