অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সজলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ ওঠার পর দলীয় সিদ্ধান্তে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী অভিযুক্তকে পদ থেকে অব্যাহতি দেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট রাত ২টার দিকে চুনারুঘাটের গজারিয়াপাড়া এলাকায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পেয়ে নুরুল ইসলাম সজলকে আটক করেন এলাকাবাসী। পরবর্তীতে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া ও অভিযুক্ত সজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় ছাড়িয়ে নেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী নুরুল ইসলাম সজলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।
হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ বলেন, “অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পরপরই নুরুল ইসলাম সজলকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”








