দেশে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার জারি করা এফসিআরপিডি সার্কুলার লেটার নং-১৪-এ দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। সার্কুলারে বলা হয়, গ্রাহকরা ব্যাংকিং ও আর্থিক সেবাসংক্রান্ত যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের হটলাইন ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
গ্রাহকদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা; সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং অপরিচিত অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে জামানতবিহীন ঋণ, বিনিয়োগ কিংবা আর্থিক লেনদেনের প্রস্তাবে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লটারি, পুরস্কার বা বিভিন্ন প্রলোভনমূলক অফার যাচাই ছাড়া বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতারণার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কিংবা নিকটস্থ থানায় দ্রুত যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।








