দেশে অনলাইন জুয়ার বিস্তার ঘটছে উদ্বেগজনক হারে। আর এর সবচেয়ে বড় শিকার তরুণ প্রজন্ম। তরুণদের ওপর এই নেতিবাচক প্রভাবের একটি বড় কারণ হচ্ছে স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা। সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তরুণদের এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে আকৃষ্ট করা হচ্ছে। এর ফলে অনেক শিক্ষার্থী লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে, আর্থিক সংকটে পড়ছে, মানসিক অবসাদে ভুগছে, অপরাধে জড়িয়ে পড়ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। অবশ্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেটের সহজলভ্যতাই অনলাইন জুয়ায় তরুণদের আকৃষ্ট হওয়ার একমাত্র কারণ নয়। বেকারত্ব, দারিদ্র্য, অসচেতনতা, পারিবারিক তদারকির অভাব এবং রাষ্ট্রীয় আইনের শিথিলতাও সমানভাবে দায়ী। বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মেল বেট, মোস্ট বেট, ওয়ানএক্স বেট, টুয়েন্টি টু বেট, বেট উইনার ও জেটবাজের মতো ওয়েবসাইট ও অ্যাপগুলো দেদার পরিচালিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি, অবৈধ অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে তরুণদের সচেতন করে তোলার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অনলাইন জুয়ার বিস্তার রোধে দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
মায়া আক্তার, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা








