মানুষের জন্য গান এই বিশ্বাস থেকেই দীর্ঘদিন ধরে মানবিক নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসায় নিয়মিত সহায়তার পর এবার দৃষ্টিশক্তি হারানো এক তরুণের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।

তারা জানিয়েছে, প্রয়োজনীয় অর্থ সংগ্রহে আয়োজন করা হবে বিশেষ কনসার্ট।

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও এই উদ্যোগের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এবার একজন অন্ধ ছেলের জন্য কাজ করব। আমি গিয়ে তার সঙ্গে দেখা করেছি। তাকে সুস্থ করতে চাই। গান লিখছি, কনসার্ট করব। প্রস্তুতি চলছে। সবার সহযোগিতা চাই।’

জানা গেছে, ছেলেটি রাজধানীর একটি বস্তিতে পরিবারের সঙ্গে বসবাস করে। কয়েক বছর আগে অসুস্থতার কারণে সে দৃষ্টিশক্তি হারায়। তার বাবা রিকশাচালক হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

প্রথমবার একসঙ্গে রাফী-সাদ, আন্তর্জাতিক স্বীকৃতি পেল তাদের সিনেমা

 এ বিষয়ে ইভান বলেন, ‘ছেলেটি এবং তার মায়ের সঙ্গে কথা হয়েছে। তাদের চিকিৎসকের সঙ্গে দেখা করতে বলেছি, যাতে চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এরপর আমাদের একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে কথা বলবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ছেলেটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষ্য নিয়েই কাজ শুরু হয়েছে।

ইভান বলেন, ‘প্রথমে বিভিন্নভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করব। এরপর প্রয়োজন হলে একটি বিশেষ কনসার্ট আয়োজন করা হবে। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করা।’

এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও ইভানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

ইভানের পোস্ট শেয়ার করে পলাশ লিখেছেন, ‘ইভান ভাই, আমি আছি আপনার সঙ্গে। যেকোনো প্রয়োজনে আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন থাকবে আপনার পাশে।’

আরও পড়ুন

জুলাই মামলায় নাম / মধ্যরাতে বাসায় পুলিশ, কান্নায় ভেঙে পড়ে যা বললেন অভিনেতা কমল পাটেকার

এ প্রসঙ্গে ইভান বলেন, ‘পলাশ শুরু থেকেই তার ডাকবাক্স ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মানবিক উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত আছেন। আমরাও তাদের বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করি। এবারও তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

মানবিক কর্মকাণ্ডে অ্যাশেজের এই উদ্যোগ নতুন নয়। ব্যান্ডটির প্রতিটি কনসার্টের আয়ের একটি অংশ দীর্ঘদিন ধরেই ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসায় ব্যয় করা হয়। শুধু গত সপ্তাহেই একটি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসায় সহায়তা করেছে তারা।

 

এমআই/এলআইএ