দেশব্যাপী জাতীয়ভাবে শুরু হওয়া শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের কোয়ালিটি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এবারের ক্যাপসুলের মান অত্যন্ত ভালো। আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষা করার পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এই ক্যাপসুল দেশে আনা হয়েছে। রোববার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

দীর্ঘ ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। অন্ধত্ব প্রতিরোধসহ, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রথম দিন রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন। এ সময় নির্ধারিত কেন্দ্রে আসা ছয় মাস থেকে ৫৯ মাস বয়েসি দুই কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ালেই হবে না, মায়ের দুধও শিশুদের খাওয়াতে হবে। জন্মের পর শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না। এছাড়া শিশুদেরকে পানি, মধু, চিনি ও সুষম খাবার খাওয়াতে হবে। এতে শিশুদের শরীরে পুষ্টি তৈরি হবে।

তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সে সঙ্গে হামসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের কাছ থেকে টিকা পর্যাপ্ত স্টক না পাওয়াতে হাম শিশুদের মারাত্মকভাবে আক্রমণ করেছিল। ক্ষমতাগ্রহণ করার পর আমাদের হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলও ছিল না। ইউনিসেফের মাধ্যমে আমরা পর্যাপ্ত ভিটামিন ‘এ’ সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমানে লাল ও নীল দুই কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ রয়েছে। এই ক্যাম্পেইনে দুই কোটি ৫৫ লাখ শিশুকে খাওয়ানো হবে।