সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হালনাগাদ তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে নির্ধারিত ফরম্যাটে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে।

নির্ধারিত ছকে কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তা উল্লেখ করতে হবে। পাশাপাশি অনুপস্থিত শিক্ষকদের মধ্যে কারা ২ বছর পর্যন্ত এবং কারা ২ বছরের বেশি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সে তথ্যও পৃথকভাবে দিতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় সব তথ্য পাঠাতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।