ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও নাগরিকত্ব সংশোধনী আইন ও অনুপ্রবেশের ইস্যুতে তার কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারতের মাটি থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে বের করে দেওয়া হবে। সোমবার কলকাতার মিলন মেলায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ হুমকি দেন তিনি। এ সময় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এখনো যেসব হিন্দু শরণার্থীর নাগরিকত্বের প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাদেরও দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে। বক্তৃতার শেষদিকে অমিত শাহ দাবি করেন, দীর্ঘদিনের বাম ও তৃণমূল শাসনে বাংলার জাতীয়তাবাদী চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই ধারা পুনরুদ্ধারের চেষ্টা করছে।
বাংলাদেশিদের ফেরত পাঠাতে চান তোগাড়িয়া : ভারতের হিন্দুত্ববাদী নেতা প্রবীণ তোগাড়িয়া বলেছেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেক ভালো কাজ করছেন। তবে তিনি তখনই শতভাগ সফল বলে বিবেচিত হবেন, যখন আসাম থেকে অবৈধ বাংলাদেশি বলে দাবি করা সবাইকে ফেরত পাঠাতে পারবেন। শুক্রবার গৌহাটিতে কামাখ্যা মন্দিরে পূজা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তোগাড়িয়া বর্তমানে আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি।








