কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে অতিরিক্ত অর্থ আদায় করায় বন্দর কর্মকর্তা পুতুল চন্দ্রের ওপর ক্ষোভ ঝেড়েছেন স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান। সোমবার বিকালে চিলমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান কুড়িগ্রাম-৪ আসনের এই এমপি। পরে এলাকায় অনিয়মের অভিযোগ তুলে ওই বন্দর কর্মকর্তাকে তিনি বলেন, আপনি চিলমারীতে কী কী করতেছেন? আপনাকে ঘাস কাটার জন্য রাখছে না কি এখানে? পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায় এমপি বন্দর কর্মকর্তাকে বলছেন, ‘আপনি পাইছেন কি এখানে? এখানকার মানুষকে জিম্মি করে পঞ্চাশ টাকার ভাড়া দুইশ টাকা পর্যন্ত নেবেন। এটা আপনি দেখেন না চোখে? আপনাকে ঘাস কাটার জন্য রাখছে না কি এখানে? আপনি চোখে দেখেন না নৌকাওয়ালারা দুইশ টাকা করে ভাড়া নেয়?’ এমপি মোস্তাফিজ বলেন, ‘আপনি চিলমারীতে কী কী করতেছেন, এগুলোর সব তথ্য আছে আমার কাছে। আপনি প্রত্যেকটা নৌকার খাজনা নেওয়াইতেছেন একশ টাকা করে; যেটা ছিল না সেটা নেওয়াইতেছেন এবং আপনি মাছওলাদের কাছে টাকা নিতেছেন। প্রত্যেকটা বিষয় আমার নলেজে আছে।’

এমপিকে আরও বলতে শোনা যায়, কিচ্ছু বলব না। আপনি যাইয়েন ওখানে। আমি জনগণকে নিয়ে লড়ি। জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করি আমি। এ বিষয়ে জানতে চাইলে চিলমারী বন্দরের কর্মকর্তা পুতুল চন্দ্র বলেন, ভিডিওতে যা দেখেছেন তাই। এর বাইরে আমার কিছু বলার নেই। সার্বিক বিষয়ে জানতে কুড়িগ্রাম-৪ আসনের এমপি মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সংসদ ভবনে একটি প্রোগ্রামে আছি।