কুমিল্লায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে পালটাপালটি বক্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ সুপারকে বলতে দেখা যায়, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি। এটা পলিটিক্সের (রাজনীতির) মঞ্চ না। বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় লাকসামে জুলাই শহীদ জিসানের বাবা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শহীদ জিসানের বাবার বক্তব্যের সূত্র ধরে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, আপনি আসার পর কুমিল্লায় ফ্যাসিস্টদের আনাগোনা বেড়েছে। এ সময় তিনি জিসানের বাবাকে হুমকির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ সুপারকে অনুরোধ করেন।

ছাত্রদল নেতার বক্তব্যের জবাবে পুলিশ সুপার বলেন, এটা পলিটিক্সের মঞ্চ না, একটি বাহিনী সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে আমি ছাত্রদল করে এসেছি ঢাকায়। আপনি যখন একটি মিটিংয়ে এ কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।

এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা বলেন, আমরা যখন আপনাদের তথ্য দেই তখন আপনারা গ্রেফতার করেন না। এর জবাবে পুলিশ সুপার বলেন, আপনারা নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না তাকেই ফ্যাসিস্ট তকমা দিচ্ছেন।

পুলিশ সুপার আরও বলেন, ৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো আছেই পুলিশে। ১৭ বছর ডিপার্টমেন্টগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি মাত্র চার মাস এই সরকারের বয়স উল্লেখ করে বলেন, সরকারকে সময় দিতে হবে। কারণ একটি শিশুর খাওয়া শিখতেও তো নয়-দশ মাস লাগে।

পুলিশ সুপার বলেন, দেশে ফ্যাসিস্টদের বিচার হচ্ছে। ইতোমধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়ে এসেছি ঢাকায়।

আলোচনায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) রোজি আক্তার, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।